নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ রাত ০৭:৩২:০৩
চীনের কয়লা খনিতে বিস্ফোরণে ৯০জন নিহত
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এটি ২০০৯ সালের পর দেশটিতে সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা। খবর রয়টার্সের।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, শুক্রবার গভীর রাতে শিনইউয়ান কাউন্টির লিউশেনইউ কয়লা খনিতে ওই দুর্ঘটনা ঘটে। ওই সময় মাটির নিচের টানেলে ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন।
করপোরেট ডাটাবেজ ‘কুইছাছা'র তথ্যানুযায়ী, খনিটি লিউশেনইউ কোল ইন্ডাস্ট্রির শানসি টংঝৌ গ্রুপ পরিচালনা করে। ২০১০ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি শানসি টংঝৌ কোল কোকিং গ্রুপের নিয়ন্ত্রণাধীন।
শিনইউয়ানের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, শানসি প্রাদেশিক কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে ৭৫৫ কর্মীর সমন্বয়ে গঠিত সাতটি উদ্ধারকারী ও মেডিকেল দল পাঠিয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে।
শানসি প্রদেশকে চীনের কয়লা খনির কেন্দ্রস্থল হিসেবে বিবেচনা করা হয়। সিনহুয়া জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আহতদের চিকিৎসা এবং উদ্ধারকাজে সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের আহ্বান জানিয়েছেন। একসঙ্গে তিনি দুর্ঘটনার কারণ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে এবং আইন অনুযায়ী কঠোর জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।
কঠোর নিয়মনীতি এবং নিরাপদ কার্যপদ্ধতির মাধ্যমে চীন ২০০০ সালের পর থেকে কয়লা খনির প্রাণহানি, যা প্রায়শই গ্যাস বিস্ফোরণ বা বন্যার কারণে ঘটে, উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে।
এর আগে ২০০৯ সালে হেইলুংচিয়াং প্রদেশে একটি খনিতে বিস্ফোরণে ১০৮ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছিলেন।
সিনহুয়া জানিয়েছে, খনিটির দায়িত্বে থাকা কোম্পানির নির্বাহীদের ইতোমধ্যে আটক করা হয়েছে।