নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ রাত ১১:১১:৪৮
চুক্তি চূড়ান্ত করতে চলছে আলোচনা, সপ্তাহ শেষে অগ্রগতির আশা
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করতে তেহরানে চলছে ত্রিপক্ষীয় আলোচনা। ২৩ মে শনিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, কাতার ও পাকিস্তানের যৌথ উদ্যোগে চলতি সপ্তাহের শেষেই বড় কূটনৈতিক অগ্রগতির আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইরান সফররত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে অন্তত দুবার ফোনালাপ করেছেন।
২২ মে শুক্রবার সন্ধ্যায় ইরান পৌঁছে আসিম মুনির দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, শীর্ষ পরমাণু আলোচক বাঘের গালিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, কাতারের প্রতিনিধি দলও ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে।
দুই পক্ষ এখনো চূড়ান্ত খসড়ায় পৌঁছাতে না পারলেও চলতি সপ্তাহের শেষেই যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি হবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবিত অন্তর্বর্তী চুক্তির শর্তের মধ্যে রয়েছে—লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালি খুলে দেওয়া, ইরানি বন্দর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে পারমাণবিক আলোচনা শুরু করা।
তবে শর্তের বাস্তবায়ন নিয়ে চুক্তি স্বাক্ষরে দ্বিমত তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র চায় চুক্তির প্রথম পর্বেই পারমাণবিক কর্মসূচি ও হরমুজ দিয়ে জাহাজ চলাচলের গ্যারান্টি। অন্যদিকে ইরান চায় এই বিষয়গুলো আলোচনার দ্বিতীয় ধাপে আসুক।
এ ছাড়া ইরানের অবরুদ্ধ তহবিল ছাড়, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ নিয়ে পরে আলোচনা হতে পারে। চুক্তি স্বাক্ষরিত হলে ঈদুল আজহার পর ইসলামাবাদে দ্বিতীয় পর্বের বৈঠক বসবে।
তথ্যসূত্র: আনাদোলু