নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৯:৫৫
আদালতে আটকে গেলো ট্রাম্পের বিলাসী বলরুম পরিকল্পনা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত ৪০০ মিলিয়ন ডলারের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে আদালত সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন। ৩১ মার্চ মঙ্গলবার এক আদেশে জেলা বিচারক রিচার্ড লিওন জানান, কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া এই প্রকল্পের কাজ এগোনো যাবে না। ফলে আপাতত নির্মাণ কার্যক্রম বন্ধ রাখতে হবে।
এর আগে মার্কিন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ট্রাস্ট অভিযোগ করে মামলা দায়ের করে যেখানে বলা হয়,ঐতিহাসিক ইস্ট উইং ভেঙে নতুন স্থাপনা নির্মাণের মাধ্যমে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
রায়ে বিচারক লিওন উল্লেখ করেন, বিদ্যমান কোনো আইনে প্রেসিডেন্টকে এমন প্রকল্প বাস্তবায়নের ক্ষমতা দেওয়া হয়নি। তিনি বলেন, 'হোয়াইট হাউস ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের দায়িত্ব প্রেসিডেন্টের ওপর থাকলেও তিনি এর মালিক নন।' কংগ্রেস আইনগত অনুমোদন না দেওয়া পর্যন্ত নির্মাণ বন্ধ রাখতে হবে বলেও তিনি স্পষ্ট করেন।
তবে হোয়াইট হাউসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না বলে জানান বিচারক।
প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের এই বলরুম প্রকল্প মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনকে আপিলের সুযোগ দিতে ১৪ দিনের জন্য আদেশ স্থগিত রাখার কথাও উল্লেখ করেন বিচারক। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ওয়াশিংটন ডিসিভিত্তিক আপিল আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।
এদিকে, ন্যাশনাল ট্রাস্টের প্রেসিডেন্ট ক্যারল কুইলেন এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, এটি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ জয়, কারণ এই প্রকল্প দেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনার ওপর স্থায়ী প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই সংগঠনকে 'বামপন্থী উন্মাদদের দল' বলে আখ্যা দেন। তিনি দাবি করেন, তার বলরুম প্রকল্প বাজেটের মধ্যেই রয়েছে, নির্ধারিত সময়ের আগেই শেষ হবে এবং এতে করদাতাদের কোনো অর্থ ব্যয় হচ্ছে না। একই সঙ্গে এটি বিশ্বের সেরা স্থাপনাগুলোর একটি হবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প এই বলরুমকে তার প্রেসিডেন্সির একটি গুরুত্বপূর্ণ সংযোজন ও স্থায়ী প্রতীক হিসেবে তুলে ধরছেন।