নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ দুপুর ০১:০৮:২৪
চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে বৈঠকে বসাতে আগ্রহী যুক্তরাষ্ট্র
‘এই সপ্তাহেই’ ইরানের সঙ্গে বৈঠক হতে পারে-এমন আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আর ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান কতদিন চলতে পারে-এমন প্রশ্নের জবাবে মার্কো রুবিও বলেন, তারা মাস নয়, সপ্তাহের হিসাব করছে।
মিয়ামিতে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) ইনস্টিটিউটের সম্মেলনে শুক্রবার (২৮ মার্চ) উইটকফ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কথা বলছে এবং আমরা মনে করি এই সপ্তাহেই বৈঠক হবে, এ ব্যাপারে আমরা অবশ্যই আশাবাদী।
তিনি বলেন, হরমুজ প্রণালীতে ‘জাহাজ চলাচল করছে—এটি খুবই, খুবই ভালো একটি সংকেত।’ ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আরও বলেন, ট্রাম্প একটি শান্তি চুক্তি চান।
আমাদের কাছে ১৫ দফার একটি চুক্তি প্রস্তাব রয়েছে, যা ইরান কিছুদিন ধরে বিবেচনা করছে। আমরা তাদের কাছ থেকে জবাব প্রত্যাশা করছি।
এর আগে, ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ বৈঠকের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য পরিষ্কার এবং আমরা খুবই আত্মবিশ্বাসী যে খুব শিগগিরই আমরা সেগুলো অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো স্থলবাহিনী ছাড়াই তাদের লক্ষ্য অর্জন করতে পারে। ইরানে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান কতদিন চলতে পারে—এমন প্রশ্নের জবাবে মার্কো রুবিও বলেন, তারা মাস নয়, সপ্তাহের হিসাব করছে।
সূত্র: বিবিসি