নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:৪২:২৭
আফগানিস্তানে বন্যা-ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ১১০
আফগানিস্তানের বিভিন্ন এলাকায় প্রবল ঝড় এবং ভারী বর্ষণে বন্যা, ভূমিধস ও বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১১০ জনে দাঁড়িয়েছে। বৈরী আবহাওয়ায় নতুন করে আরও সাতজন নিখোঁজ হয়েছেন। দেশটিতে সামনে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। প্রায় ১২ দিন আগে আফগানিস্তানজুড়ে ঝড় ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, যা দেশটির ৩৪টি প্রদেশকে প্রভাবিত করেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু গত ২৪ ঘণ্টায়ই দেশজুড়ে ১১ জন মারা গেছেন এবং ৬ জন আহত হয়েছেন। এছাড়া নতুন করে সাতজন নিখোঁজ হয়েছেন যাদের সবাই বন্যার পানিতে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানায়, গত ১২ দিনে বন্যা, ভূমিধস ও বজ্রপাতে মোট ১১০ জন নিহত এবং ১৬০ জন আহত হয়েছেন। এছাড়া ৯৫৮টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ৪ হাজার ১৫৫টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে বন্যার পানিতে আটকে পড়া দুজনকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় বৈরী আবহাওয়ার কারণে দেশটির ৩২৫ কিলোমিটারেরও বেশি সড়কপথ ধ্বংস হয়েছে। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, কৃষিজমি, সেচ খাল ও পানির উৎসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৬ হাজার ১২২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব তথ্য প্রাথমিক বলে উল্লেখ করেছে তারা।
এদিকে, মঙ্গলবারের জন্য প্রায় পুরো দেশজুড়ে আবহাওয়া সতর্কতা জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এই সময়ে জনগণকে নদীর কাছাকাছি এবং বন্যাপ্রবণ এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। চলতি বছরের শুরুতে আফগানিস্তানজুড়ে ভারী তুষারপাত ও আকস্মিক বন্যায় বহু মানুষের প্রাণহানি ঘটে।
এছাড়া ভূমিধস ও বন্যার কারণে দেশটিতে দুটি প্রধান মহাসড়ক কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের বিকল্প দীর্ঘ পথে যাতায়াত করতে হচ্ছে। পাকিস্তান সীমান্ত ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোকে সংযুক্তকারী কাবুল-জালালাবাদ মহাসড়ক গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে। অন্যদিকে, জালালাবাদ থেকে কুনার ও নুরিস্তানগামী সড়কটি রোববার থেকে পাথর পড়ার কারণে বন্ধ হয়ে আছে।
আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিপাতের ফলে প্রায়ই আকস্মিক বন্যা দেখা দেয়, যাতে বহু মানুষের মৃত্যু হয়। ২০২৪ সালে বসন্তে এমনই এক আকস্মিক বন্যায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছিল।