নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ দুপুর ১২:৫০:২৮
ইরানির ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি কেন্দ্রে আগুন
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেন্দ্রে ‘ভয়াবহ আগুন’ লেগেছে বলে জানিয়েছে কাতার এনার্জি।
১৯ মার্চ বৃহস্পতিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
এর আগে গত বুধবারও একই এলাকায় হামলা চালানো হয়েছিল, যাতে দেশটির গুরুত্বপূর্ণ ‘পার্ল জিটিএল’ (গ্যাস-টু-লিকুইড) কেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
কাতার এনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই হামলায় জ্বালানি স্থাপনাগুলোর ‘ব্যাপক আরও ক্ষয়ক্ষতি’ হয়েছে। ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দলগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে সৌভাগ্যবশত এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সব কর্মী নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
ইসরায়েল কর্তৃক ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলার প্রতিবাদে ইরান গত কয়েকদিন ধরে পারস্য উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বিশ্বের অন্যতম বৃহত্তম এলএনজি উৎপাদনকারী দেশ কাতারের এই প্রধান শিল্পাঞ্চলটি লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে। এই পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।