নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ দুপুর ০১:১২:০১
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে তিন সপ্তাহে নিহত ২৫শ’র উপরে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ তিন সপ্তাহের এই রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত বিভিন্ন দেশের অন্তত ২ হাজার ৫৩০ জন নিহত হয়েছেন। আঞ্চলিক এই অস্থিরতা থামার কোনো লক্ষণ না দেখে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল।
সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৪৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১৮ হাজার ৫৫১ জন। ইরানের পাশাপাশি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। গত ২ মার্চ থেকে লেবাননে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অন্তত ৯৬৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১০০-এর বেশি শিশু রয়েছে।
এদিকে ইরাকে ইরান-সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদস্যসহ মোট ৬০ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েল ভূখণ্ডে এখন পর্যন্ত ১৫ জন বেসামরিক নাগরিক এবং দক্ষিণ লেবাননে যুদ্ধরত ২ জন সেনাসহ মোট ১৭ জন প্রাণ হারিয়েছেন। মধ্যপ্রাচ্যের এই সংঘাত থেকে বাদ যায়নি যুক্তরাষ্ট্রও। এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেবা সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জন সরাসরি ইরানের বিরুদ্ধে অভিযানে এবং ৬ জন ইরাকে বিমান বিধ্বস্ত হয়ে মারা যান।
উপসাগরীয় দেশগুলোর মধ্যেও সংঘাতের প্রভাব পড়েছে। সংযুক্ত আরব আমিরাতে দুই সেনাসহ ৮ জন এবং কুয়েতে ইরানি হামলায় ২ জনসহ মোট ৬ জন নিহত হয়েছেন। এছাড়া ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ৩ নারী এবং সিরিয়ায় ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওমান ও বাহরাইনে যথাক্রমে ৩ ও ২ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইরাকের উত্তরাঞ্চলে ড্রোন হামলায় ফ্রান্সের এক সেনাসদস্য প্রাণ হারিয়েছেন এবং সৌদি আরবেও ২ জন নিহত হয়েছেন।