আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৪:১৮
আ.লীগের অনুষ্ঠানেই জুলাইয়ে ১,৪০০ প্রাণহানির কথা স্মরণ করালেন হ্যারি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানেই দলটির নেতাকর্মীদের প্রত্যাশার ঠিক উল্টো সুর শোনালেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ মানুষের প্রাণহানির ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের অধীনে থাকা নিরাপত্তা বাহিনীর ভূমিকার কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ আয়োজিত 'ঢাকা কোন পথে! বাংলাদেশ আজ ও আগামীকাল' শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে এই বক্তব্য দেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূতের এমন বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ দলটির নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।
হ্যারি কে টমাস বলেন, 'অধিকাংশ দেশ বিশ বছরেও যত ঘটনার মধ্য দিয়ে যায়, বাংলাদেশ দুই বছরেই তার চেয়ে বেশি দেখেছে। ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বে এক অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে'।
তিনি বলেন, 'জাতিসংঘের মানবাধিকার কমিশনের হিসাবে, ২০২৪ সালের গ্রীষ্মে নিহতের সংখ্যা ১,৪০০ পর্যন্ত হতে পারে। তাদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। একপর্যায়ে সহিংসতার লক্ষ্য হন পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। ৪৪ জন পুলিশ সদস্য নিহত হন। থানায় হামলা চালিয়ে আগুন দেওয়া উত্তেজিত জনতার হাতে তাদের অনেকেই প্রাণ হারান। অন্যান্য নিরাপত্তা বাহিনীর আরও আটজন সদস্যও নিহত হন। তাদেরও আমাদের স্মরণ করা উচিত। কী ভয়াবহ উন্মত্ততা! নিহতের হিসাবের প্রতিটি সংখ্যার পেছনে আছে একজন মানুষের নাম।'
সাবেক মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, 'রংপুরে ছাত্র আবু সাঈদ দুই হাত ছড়িয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন। তাকে গুলি করে হত্যা করা হয়। নারায়ণগঞ্জে ছাদ থেকে সংঘর্ষ দেখার সময় ছয় বছরের এক মেয়ে নিহত হয়। তাদের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে। আজ আমরা যা-ই বলি, সবার আগে এ কথাই বলা উচিত'।
হ্যারি কে টমাস বলেন, 'আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ভোট দেয়। ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচনের ফল নিয়ে যার যা-ই মত থাকুক, বাংলাদেশে ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের স্বীকৃতি দেওয়া উচিত'।
বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন দূর করার ওপর গুরুত্ব দেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।
তিনি বলেন, 'ক্ষোভ আর বিদ্বেষ পুষে রাখার বিপদ শেক্সপিয়ারের রচনায় বারবার এসেছে। কাজী নজরুল ইসলামও 'কাণ্ডারী হুঁশিয়ার' কবিতায় সতর্ক করেছিলেন, রাতের বিপজ্জনক জলপথ পাড়ি দেওয়ার সময় যাত্রীদের বিবাদে যেন নৌকা ডুবে না যায়'।
দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে টমাস আরও বলেন, 'বাংলাদেশের মানুষ এখনো বিভক্ত। বিএনপি ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে বিভাজন আছে। সরকার ও সংসদে বিরোধী পক্ষের নেতৃত্বে থাকা জামায়াতে ইসলামীর মধ্যেও বিভাজন আছে। আরও গভীর বিভাজন রয়েছে দীর্ঘদিন ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা আমলাতন্ত্র এবং নিজেদের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ চাওয়া তরুণ প্রজন্মের মধ্যে। এই তরুণেরাই ২০২৪ সালে রাজপথ ভরিয়ে দিয়েছিল'।