রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৭:১০
বগুড়া সিটি প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবায়ন, চাকরি পেলেন নিহত গালিবের মা
বগুড়ায় নিহত স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিবের মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ইয়াসমিন খাতুনকে সিটি করপোরেশনের এমএলএসএস (অফিস সহায়ক) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগর ভবনে সিটি প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইয়াসমিন খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
এর আগে গালিব হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে গত রোববার এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন আসামিদের দ্রুত গ্রেপ্তারে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দেন। একই সঙ্গে গালিবের মায়ের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন। তাঁর সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এবার চাকরির ব্যবস্থা করা হলো।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী জানান, পরিবারের আর্থিক সংকট বিবেচনায় এবং ইয়াসমিন খাতুনের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন এবং আজীবন এ পদে কর্মরত থাকতে পারবেন।
উল্লেখ্য, নিহত গালিবের বাড়ি বগুড়া সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকায়। গত ১৯ নভেম্বর রাতে দুর্বৃত্তদের হামলায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব নিহত হয়। এর মাত্র ২৯ দিন আগে তাঁর বাবা মাহবুবুর রহমান মারা যান। অল্প সময়ের ব্যবধানে স্বামী ও সন্তানকে হারিয়ে চরম অসহায়ত্বের মধ্যে পড়েন ইয়াসমিন খাতুন ও তাঁর পরিবার।
চাকরি পেয়ে সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের প্রতি কৃতজ্ঞতা জানান ইয়াসমিন খাতুন ও তাঁর মেয়ে। তবে একই সঙ্গে গালিব হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তাঁরা।
সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, "নিহত গালিবের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাঁর মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে পরিবারটির পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবে বগুড়া সিটি করপোরেশন।"
এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান উপস্থিত ছিলেন।