নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১৯:৩৪
আফগানিস্তানের স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, বহু শিক্ষার্থী হতাহতের শঙ্কা
পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের একটি স্কুলের ভেতরে বিস্ফোরণে অজ্ঞাতসংখ্যক শিক্ষার্থী নিহত বা আহত হয়েছে। আল জাজিরার সঙ্গে আলাপকালে একজন আফগান সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে কুনার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানান, শনিবার সকালে কুনারের আন্দার সের এলাকার একটি স্কুলে এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের তদন্তকারী দলগুলো ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছেন দেহকান।
উল্লেখ্য, এর আগে গত আগস্টে আফগান রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে হাতবোমা হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনেরও বেশি শিশু আহত হয়েছিল।