নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ মার্চ ২০২৬ সকাল ১১:৩৭:০৩
ইরানের হামলা প্রতিরোধে জেলেনস্কির পরিকল্পনা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালিয়েছে তেহরান। এ অবস্থায় ইরানের হামলা প্রতিরোধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
৫ মার্চ বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে ইউক্রেনের বিশেষজ্ঞদের পাঠানোর পরিকল্পনা করেছি, যাতে সেখানকার কিয়েভের মিত্র দেশগুলোকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে রক্ষায় সাহায্য করা যায়। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত ও কাতার এবং আজ জর্ডান ও বাহরাইনের সঙ্গে বুধবার কথা হয়েছে।
জেলেনস্কি তার মন্ত্রী ও সামরিক কমান্ডারদের এমন পরিকল্পনা করতে নির্দেশ দিয়েছেন- যা মিত্র দেশগুলোকে সহায়তা করবে, তবে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা দুর্বল করবে না।
তিনি আরও বলেন, জীবন রক্ষা করতে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে ইউক্রেন সাহায্য করতে পারে।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই যুদ্ধ ছয়দিনে গড়িয়েছে। দিন দিন দু’পক্ষের পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে যৌথ হামলায় এখন পর্যন্ত ১৭৬ জন শিশুসহ এক হাজারের বেশি ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একইসঙ্গে ইরানের ‘ট্রু প্রমিজ ৪’ প্রতিশোধমূলক অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মী নিহত বা আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৩ জুন ইরানের পরমাণু স্থাপনা ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। যুক্তরাষ্ট্রও সেই অভিযানে অংশ নেয়। সেসময় ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন।
১২ দিনের সংঘাত শেষে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছে যায়। সেই যুদ্ধ-পরবর্তী উত্তেজনাই এ বছরের সংকটের ভিত গড়ে দেয়।