আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬ রাত ০৯:২৮:০৮
শুভেন্দু সরকারের সিদ্ধান্তে বিপর্যয়ে হাজার হাজার খামারি
ভারতের পশ্চিমবঙ্গে গরু কোরবানি ও পশু জবাই ঘিরে নতুন করে উত্তেজনা ও টানাপোড়েন তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে হাজার হাজার গরু খামারি আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম দ্য কুইন্টের এক প্রতিবেদনে বলা হয়, এবার ঈদুল আজহা উপলক্ষে পশ্চিমবঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গরু সম্পর্কিত ভিডিও ও প্রচারণা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন পক্ষের মধ্যে মতবিরোধ ও উত্তেজনা তৈরি হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, কিছু ভিডিওতে দেখা গেছে—মুসলিম তরুণরা গরু বিক্রেতাদের গরু বিক্রি না করার আহ্বান জানাচ্ছেন এবং পরিবহন করা গবাদিপশু থামিয়ে বিভিন্ন প্রশ্ন করছেন। একই সময়ে কিছু সামাজিক মাধ্যমে গরু না কেনার আহ্বানও প্রচার করা হয় বলে দাবি করা হয়।
এ পরিস্থিতির ফলে হিন্দু গরু খামারিরা বাজারে বিক্রি করতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। অনেকেই হাটে বিক্রি না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি।
প্রতিবেদনে আরও বলা হয়, রাজ্য সরকারের পশু জবাই সংক্রান্ত নিয়ম কঠোরভাবে প্রয়োগের ঘোষণার পর থেকে গবাদিপশু পরিবহন ও বিক্রির ওপর নজরদারি বৃদ্ধি পায়। এতে বাজারে অনিশ্চয়তা তৈরি হয় এবং এর প্রভাব পড়ে খামারিদের ওপর।
এ অবস্থায় বিভিন্ন পক্ষের মধ্যে কোরবানির পশু ব্যবহারের ধরন নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়। এর প্রভাবে গরু খামারিদের অর্থনৈতিক সংকট আরও গভীর হয়েছে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।