নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ সকাল ১০:৫৪:১৩
চারদিনের সরকারি সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী
চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার (২৩ মে) তিনি হাংঝৌ জিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ঝেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর জু ওয়েংগুং।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, অভ্যর্থনা অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং যাইদং এবং বেইজিংয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমিও উপস্থিত ছিলেন।
সফরের অংশ হিসেবে শেহবাজ শরিফ চীনের কমিউনিস্ট পার্টির ঝেইজিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের সময় তার উপস্থিতিতে দুটি সহযোগিতা চুক্তি সই হয়।
এর মধ্যে ঝেইজিয়াং প্রদেশ ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে সিস্টার প্রভিন্স সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকও রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানিয়েছে, পাকিস্তান ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে দুই দেশের মধ্যে উন্নয়নভিত্তিক ও বাস্তবমুখী সহযোগিতা আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
সফরকালে চীনের বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক এবং আলিবাবা গ্রুপের সদর দপ্তর পরিদর্শনের কথাও রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর।