দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫৮:১৫
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দেওয়ানগঞ্জ প্রেসক্লাবে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফর জামান আলিফ হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে বলে দাবি জানান তারা।
বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হামলার ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিককে এভাবে প্রাণ দিতে না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।