লালমনিরহাট প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ সকাল ১১:১২:০৩
তিনবিঘা করিডোরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
লালমনিরহাটের পাটগ্রামের তিনবিঘা করিডোর সীমান্তে বাঁশের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ভারতের অভ্যন্তরে তিনবিঘা করিডোর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান এবং ভারতীয় ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিনোদ কুমার অংশ নেন।
বৈঠকে বিজিবি জানায়, সীমান্ত আইনে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণের সুযোগ নেই। অন্যদিকে বিএসএফ জানায়, জমি অধিগ্রহণের জন্য মাপজোখের কাজ চলছিল।
এ সময় সীমান্তে পুশইন, কৃষিজমি ও দুই দেশের নাগরিকদের চলাচল নিয়েও আলোচনা হয়। ভবিষ্যতে সীমান্তে যেকোনো সমস্যা সমাধানে উভয় বাহিনীর মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠক শেষে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।