নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২০:৫৫
ওআইসির শীর্ষ নেতৃত্বের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সরকার গঠনের পর প্রথম সফরে সৌদি আরবে গেছেন। তিনি ফিলিস্তিন ইস্যুতে ওআইসির (অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে
হয় এ বৈঠক।
ওআইসির নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার
পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি,
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির
নিরঙ্কুশ বিজয়ে তারা শুভেচ্ছা জানান। তাদের বিশ্বাস, নতুন নেতৃত্বের হাত ধরে শিগগিরই
রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বাংলাদেশে, ঘটবে উত্তরোত্তর উন্নয়ন।
তাছাড়া, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান একই থাকবে,
এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট
পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানান তারা।
উল্লেখ্য, আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ
পরিষদ হলে সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশের পক্ষে এই পদে প্রতিদ্বন্দ্বিতা
করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।