নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬ দুপুর ০২:০৩:৩০
সমালোচনার মুখে বেতারের 'ড্রেস কোড' সংক্রান্ত আদেশ বাতিল
বাংলাদেশ বেতারে সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা বিতর্কিত ‘ড্রেস কোড’ অবশেষে বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার মুখে রোববার (২৪ মে) নতুন অফিস আদেশের মাধ্যমে আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এএসএম জাহীদের স্বাক্ষরিত নতুন আদেশে জানানো হয়, সংবাদ উপস্থাপকদের পোশাক-পরিচ্ছদ সংক্রান্ত পূর্বের অফিস আদেশ আর কার্যকর থাকবে না।
এর আগে ৪ মে কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক নির্দেশনায় সংবাদ উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি নির্ধারণ করা হয়েছিল। ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের বিষয়টি উল্লেখ করে নারী ও পুরুষ উপস্থাপকদের জন্য আলাদা পোশাকের নির্দেশনা দেওয়া হয়।
সেখানে নারী সংবাদ উপস্থাপকদের শাড়ি অথবা ওড়নাসহ সালোয়ার-কামিজ পরতে বলা হয়েছিল। একই সঙ্গে বড় আকারের টিপ ব্যবহার না করা এবং একপাশে ওড়না না পরার নির্দেশনাও দেওয়া হয়। অন্যদিকে পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরিধানের কথা বলা হয়েছিল। তবে বিশেষ দিবস ও উৎসব-পার্বণে পাঞ্জাবি পরার সুযোগ রাখা হয়। এছাড়া টি-শার্ট ও গেঞ্জি পরিধান না করার নির্দেশও ছিল।
সম্প্রতি ওই নির্দেশনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। অনেকে এটিকে রাষ্ট্রীয় গণমাধ্যমে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ ও অতিরিক্ত নিয়ন্ত্রণ হিসেবে দেখেন। বিশেষ করে নারী উপস্থাপকদের পোশাক ও সাজসজ্জা নিয়ে আলাদা নির্দেশনাকে লিঙ্গবৈষম্যমূলক বলেও মন্তব্য করেন সমালোচকরা।
সমালোচকদের মতে, সংবাদ উপস্থাপনায় মূল গুরুত্ব পাওয়া উচিত পেশাদারিত্ব, ভাষা ও উপস্থাপনার দক্ষতা; ব্যক্তিগত পোশাকের ধরনে নয়। বিতর্কের মুখে শেষ পর্যন্ত বাংলাদেশ বেতার সেই বহুল আলোচিত ‘ড্রেস কোড’ বাতিলের সিদ্ধান্ত নেয়।