মো. ইব্রাহিম, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ রাত ০৬:২২:১০
কেরানীগঞ্জে ১ লাখ কেজি ভেজাল মধু জব্দ, ৫ লাখ টাকা জরিমানা
ঢাকার কেরানীগঞ্জে একটি নকল মধু তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ কেজি ভেজাল মধু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার কলাকান্দিতে এ অভিযান পরিচালনা করা হয়।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ‘বিসমিল্লাহ মধু ঘর ও মৌ খামার’ নামের ওই কারখানায় অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কারখানাটিতে মৌমাছি বা প্রাকৃতিক মধু উৎপাদনের কোনো ব্যবস্থা ছিল না। বরং চিনি, কৃত্রিম রং, ফ্লেভার এবং বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মধু তৈরি করা হচ্ছিল। এসব মধু ড্রামজাত করে অনলাইন প্ল্যাটফর্ম ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় দুই হাজার ড্রামে সংরক্ষিত ১ লাখ কেজি কৃত্রিম মধু এবং বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে।
অভিযান চলাকালে কারখানার মালিক হিজবুল্লাহ (৫০) জরিমানার ৫ লাখ টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে অপারগতা প্রকাশ করেন। এ ঘটনায় কারখানার ম্যানেজারসহ তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জরিমানা পরিশোধ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন এনএসআই-এর ঢাকা জেলার সহকারী পরিচালক মো. সাকির হোসেন এবং কেরানীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহিনুর রহমান।
জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।