নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ মে ২০২৬ রাত ১০:১৭:০১
পুলিশ সপ্তাহ শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে আগামীকাল রোববার (১০ মে) শুরু হচ্ছে চার দিনের পুলিশ সপ্তাহ-২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণের পাশাপাশি পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে পদক বিতরণ করবেন। আগামী ১৩ মে পর্যন্ত চলবে এ আয়োজন।
বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেবেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়নে পুলিশের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় গুরুত্বপূর্ণ সময় ও সংকটকালেও পুলিশের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা প্রশংসনীয়। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরন জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। সাইবার স্পেস, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেকসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার, প্রতারণা, জঙ্গিবাদ, মাদক ও মানবপাচারের মতো অপরাধ বাড়ছে। এসব মোকাবিলায় পুলিশের প্রযুক্তিগত দক্ষতা, ডেটা অ্যানালিটিকস ও ডিজিটাল ফরেনসিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা ও মানবাধিকার রক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্য বাস্তবায়নে জননিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদক বিস্তার রোধে বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বাণীতে বলেন, পুলিশ সদস্যদের পেশাদারিত্বের মাধ্যমে জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ভুক্তভোগীদের যথাযথ আইনি সেবা নিশ্চিত করা এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিষ্ঠা ও পেশাদারিত্ব প্রশংসনীয়। আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশ বাহিনী রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য অপরিহার্য।
আইজিপি তাঁর বাণীতে বলেন, প্রযুক্তিগত সক্ষমতা ও আধুনিকায়নের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই লক্ষ্য সামনে রেখে পুলিশ জনগণের পাশে থেকে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
বার্ষিক পুলিশ প্যারেডে নেতৃত্ব দেবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তাঁর নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্ট অংশ নেবে।
অনুষ্ঠানে ২০২৫ সালের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ও সেবা পদকসহ বিভিন্ন সম্মাননা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন।
এতে মন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে এবং টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপও সাজানো হবে।
চার দিনব্যাপী এ আয়োজনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। আগামী ১৩ মে পুলিশ সপ্তাহের সমাপ্তি ঘটবে।