নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৮:১৭
তুরাগে ডাকাতির সময় শ্বাসরোধে বৃদ্ধাকে হত্যা
রাজধানীর তুরাগের দিয়াবাড়ী এলাকায় ডাকাতির সময় শ্বাসরোধ করে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধাকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, দিয়াবাড়ীর ১৫ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। ওই ভবনে মাহ আলম ও তার স্ত্রী রেজিনা মমতাজ বসবাস করতেন।
জানা গেছে, ঘটনার সময় তারাবির নামাজ আদায়ের জন্য মাহ আলম মসজিদে গেলে বাসায় একা ছিলেন রেজিনা মমতাজ। এ সুযোগে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে প্রথমে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
আরও জানা যায়, নামাজ শেষে বাসায় ফিরে মাহ আলম স্ত্রীকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি রেজিনা মমতাজকে মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তুরাগ থানা পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুজন ব্যক্তি এ ঘটনায় জড়িত থাকতে পারে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ানসহ সন্দেহভাজন দুজনকে থানায় নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।