নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ রাত ০৭:১৩:৪৭
জেলে বসে ঋণ শোধ সহজ নয়, বিএনপি নেতাদের বিষয়ে অর্থমন্ত্রী
বিএনপি নেতারা ১৭ বছর কোনো ব্যবসা করতে পারেননি বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ অধিবেশনে অংশ নিয়ে অর্থমন্ত্রী এ কথা বলেন।
বিএনপি নেতাদের ঋণখেলাপির বিষয়ে বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, গত ১৭ বছর বিএনপির কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারেননি। অনুমোদিত ঋণ তাদের দেয়া হয়নি। তাদের প্রতিষ্ঠানের গ্যাস-কারেন্ট লাইন কেটে দেয়া হয়েছে। এ অবস্থায় বিএনপির এমপিদের অনেককে ঋণ খেলাপি বলা হচ্ছে। কিন্তু তারা অনেকেই দীর্ঘদিন পালিয়ে ছিল, জেলে ছিল। জেলে বসে ঋণ শোধ করাতো সহজ নয়। তাই পুন:তফসিলীকরণের মাধ্যমে তাদের ঋণ আদায়ের ব্যবস্থা হচ্ছে, আর এটি ব্যাংকের স্বাভাবিক প্রক্রিয়া।
এ সময় তিনি আরও বলেন, অনেক দলেরতো ব্যাংক আছে। বিএনপির কোনো ব্যাংক নাই। যাদের দলের ব্যাংক আছে, তাদের দলের লোকেরতো ঋণখেলাপি হওয়ার সুযোগ নাই। তারা নিজেদের পছন্দের লোক বসিয়েছে, পছন্দের লোকদের সরিয়েছেন।
অর্থমন্ত্রী রাষ্ট্রপতি ও জুলাই সনদ বিষয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই সনদ বাস্তবায়নে জনগণ দুই তৃতীয়াংশ সমর্থনও বিএনপিকে দিয়েছে। আর রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। তাই প্রতিষ্ঠানের সম্মান নিশ্চিতের আহ্বান জানান তিনি।