নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ রাত ০৮:০৪:৪৫
ঈদযাত্রায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করা ও পশুর হাটকেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে। পশুবাহী যানবাহন, নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী ও খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।
রুট পারমিটবিহীন বাস কোনোক্রমেই চলাচল করতে পারবে না। আন্তজেলা বাসগুলোকে টার্মিনালের ভেতরে যাত্রী উঠিয়ে সরাসরি গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে হবে, কোনো অবস্থাতেই সড়কে বাস দাঁড় করানো যাবে না। অনুমোদিত কাউন্টার ব্যতীত রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানো ও নামানো যাবে না।
ঢাকা মহানগরীতে প্রবেশ ও বাহির হওয়ার রাস্তাগুলোতে কোনোভাবেই যানবাহন পার্কিং করা যাবে না। লক্কর-ঝক্কর, ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও কালো ধোঁয়া নির্গমণকারী গাড়ি রাস্তায় নামানো যাবে না। ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটিতে ২৫, ২৬ ও ২৭ মে শুধু ঢাকা মহানগর হতে বের হওয়ার জন্য (একমুখী) সব ধরনের যানবাহন চলাচল করবে।
উক্ত রাস্তার আশুলিয়া-ধউর-কামারপাড়া-আব্দুল্লাহপুর হয়ে ঢাকা প্রবেশ করবে এমন যানবাহনগুলো আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী, অন্য এলাকায় প্রবেশ করবে।
এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এয়ারপোর্ট টু গাজীপুর আসা ও যাওয়ার লেন দুটিতে শুধু ঢাকা হতে বের হওয়ার জন্য (একমুখী ডাইভারশন) সব ধরনের যানবাহন আগামী ২৫, ২৬ ও ২৭ মে ঢাকা হতে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলাচল করবে।
উক্ত বিআরটির ঢাকায় প্রবেশের লেনটি দিয়ে কোনো যানবাহন ঢাকা অভিমুখে (ইনকামিং) আসতে পারবে না।
মহাসড়কের অন্যান্য লেনের গাড়ি পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে চলাচল করবে। বিআরটি এর ঢাকা অভিমুখী যানবাহনগুলো অন্যান্য যানবাহনের সঙ্গে নরমাল রাস্তায়, লেনে ঢাকায় আগমন করবে।
ঢাকা শহরে যানজট কমানোর জন্য ঢাকা মহানগর এলাকার বিআরটিসি ডিপোগুলোর বাস ঢাকা শহর অতিক্রম না করার ব্যবস্থা গ্রহণ করতে হবে (যেমন—গাবতলী, কল্যাণপুর ডিপোর বাস রাজশাহী, রংপুর বিভাগ এবং মতিঝিল ও ফুলবাড়িয়া ডিপোর বাস চট্টগ্রাম, সিলেট বিভাগে চলাচল করবে)।
ঈদ যাত্রা সংশ্লিষ্ট যানবাহনের চলাচল সুগম করার জন্য জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য যানবাহনগুলোকে আগামী ২৫, ২৬ ও ২৭ মে নিম্নবর্ণিত সড়কগুলো পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
সড়কগুলোর মধ্যে রয়েছে—ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (বনানী টু আব্দুল্লাহপুর), ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী টু সাইনবোর্ড), মিরপুর রোড (শ্যামলী টু গাবতলী), ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া টু বাবুবাজার ব্রিজ), ঢাকা-মাওয়া মহাসড়ক (যাত্রাবাড়ী টু বুড়িগঙ্গা ব্রিজ), মোহাম্মদপুর বসিলা ক্রসিং হতে বসিলা ব্রিজ সড়ক, আব্দুল্লাহপুর টু ধউর ব্রিজ সড়ক।