নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ রাত ০৬:২৩:১৬
সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের
পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে মেসেজ দিয়ে অর্থ দাবি ও বিভিন্ন ধরনের তদবির প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। প্রতারক চক্র এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে একদিকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মর্যাদাহানি করছে।
মঙ্গলবার (২৮ জুলাই ) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় সতর্ক থাকার এই আহ্বান জানানো হয়েছে।
ওই বার্তায় বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের যেকোনো আইডিতে কোনো সরকারি কর্মকর্তার ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে নিশ্চিত হওয়ার কারণ নেই। প্রতারকদের এ ধরনের মেসেজে (বার্তা) সাড়া না দিতে সকলের প্রতি অনুরোধ । কেউ প্রতারক চক্রের এ ধরনের বার্তা পেলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে এবং সাইবার পুলিশ সেন্টার, সিআইডি ও গোয়েন্দা বিভাগ (ডিবি), ডিএমপি কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।
বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।