নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬ দুপুর ০১:৩২:৪৫
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই
বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। উন্নয়নমুখী নেতৃত্ব ও মীরসরাইয়ের অবকাঠামোগত অগ্রগতিতে তাঁর ভূমিকা স্থানীয়দের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবর মাসে তিনি গ্রেপ্তার হন। পরে ২০২৫ সালের আগস্টে শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) বাদ জোহর মীরসরাই উপজেলার ধুম ইউনিয়নের এস রহমান কলেজ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।