নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ মার্চ ২০২৬ দুপুর ০১:২১:১৬
জাতীয় সংসদের চীফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম ৬ জন হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোঃ আখতারুজ্জামান মিয়া, এ.বি.এম আশরাফ উদ্দিনসহ (নিজান) সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় কিছুক্ষণ নিরবতা পালন করে শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এরপর চীফ হুইপ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নুরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পথ ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারের আলোকে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা অব্যাহত রাখবে।
চীফ হুইপ বলেন, আসছে ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ হবে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক। বিরোধী দল সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।
উল্লেখ্য অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত অধ্যাদেশসমূহ সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা এবং ৩০ দিনের মধ্যে পাশ করার বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যে জাতীয় সংসদ সকল প্রস্তুতি সম্পন্ন করছে।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট এ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।