নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৯:০৪
সরকার নতুন অর্থনৈতিক দিগন্ত খুলতে যাচ্ছে: অর্থমন্ত্রী
দেশে প্রথমবারের মতো ক্রিয়েটিভ ইকোনমির আওতায় সরকার একটা নতুন অর্থনৈতিক দিগন্ত খুলতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ সব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক উচ্চ শিক্ষার উপ-পরিচালক প্রফেসর ফরিদুল আলম হোসাইনী, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক তজ্জলী হোসাইন প্রমুখ।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির প্রকৃত সুফল পেতে হলে প্রত্যেক গোষ্ঠীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সরকার এক্ষেত্রে কামার, কুমার থেকে শুরু করে গ্রামেগঞ্জে যারা মৃত্তিকাশিল্পী আছে সবাইকে সাপোর্ট দিচ্ছে। দেশের প্রত্যেক গ্রামের নারীরা বাড়িতে বসে যাতে অর্থনীতির সাথে সম্পৃক্ত করার কাজ করছে।
অর্থমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিতে মিউজিক, ফ্লিম, কালচার, থিয়েটার, পেইন্টিংস ও গ্রামেগঞ্জে যারা কুটিরশিল্প করে তাদের জন্য একটা ক্রিয়েটিভ ইকোনমির আওতায় নতুন অর্থনৈতিক দিগন্ত খুলতে কাজ করছে সরকার। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন মন্ত্রী।
এর আগে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করেন।
নিজেই সাইকেল চালিয়ে শুক্রবার সকালে সাইকেল ট্র্যাক উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সারাদেশে সাইকেল ট্র্যাক ও সড়কের পাশে রাস্তা রাখার আহ্বান জানান মন্ত্রী।
সড়কের উভয় পাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ফুটপাত। মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড আর ওয়াকওয়ে। তরুণদের মধ্যে সাইকেল ব্যবহারে আগ্রহ তৈরি ও শরীরচর্চার সুযোগ বৃদ্ধিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন প্রমুখ।