শান্ত মাহমুদ, ঢাকা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৫:১৪
চার বিদেশি পিস্তল, ২৪ রাউন্ড গুলিসহ এসআরবি-১-এর অভিযানে শিবলু গ্রেপ্তার
রাজধানীর উত্তরখান থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ ইকরামুল ইসলাম শিবলু ওরফে ‘কিলার শিবলু’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। শনিবার সকালে উত্তরখান থানার ময়নার টেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান বলেন,গ্রেপ্তার শিবলু একজন অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানায়, শিবলু এর আগেও ২০০৯ সালে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। ওই ঘটনায় তিনি চার বছর কারাভোগ করেন। কারাগার থেকে মুক্তির পর আবারও অস্ত্র ব্যবসায় জড়িত হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি-১।
অস্ত্র ব্যবসার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।