কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩২:৫৭
গোপালগঞ্জে ১৩৮০ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, পলাতক ১
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ মো. নাইমুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ (ভাটিয়াপাড়া ক্যাম্প)।
গোপন সংবাদের ভিত্তিতে গত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ টাকার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে অভিযানের সময় নাইমুরের সাথে থাকা অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।
র্যাব সূত্রে জানা যায়, এ ঘটনায় আটক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত আলামতসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।