নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৮:১৭
শুক্রবার চকবাজারের চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের সাত বছর
শুক্রবার চকবাজারের চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের সাত বছর পূর্ণ হলো। সাত বছর আগের এই দিনে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝরে গিয়েছিলো ৭১টি তাজা প্রাণ। ভুক্তভোগী পরিবারগুলোকে বিভীষিকাময় সেই রাতটি আজও তাড়িয়ে বেড়ায়। স্বজন হারানোর বেদনার সঙ্গে যোগ হয়েছে বিচার পাওয়ার দীর্ঘ অপেক্ষা।
দীর্ঘ সময়েও মামলার বিচারকাজ শেষ না হওয়ায় থমকে আছে নিহতদের পরিবারের প্রত্যাশা। গত সাত মাসে এই মামলায় একজন সাক্ষীও আদালতে হাজির হননি।
২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসনে অগ্নিকাণ্ডের পরদিন চকবাজার থানায় মামলা করেন মো. আসিফ। মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন– ওয়াহেদ ম্যানসনের মালিক হাসান সুলতান ও হোসেন সুলতান, রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ব্যবস্থাপক মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াদ আতিক, মো. নাবিল ও মোহাম্মদ কাশিফ। তারা বর্তমানে জামিনে আছেন।
মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৯ মার্চ। নিহতদের পরিবার এখন কেবল দ্রুত ন্যায়বিচারের অপেক্ষায়।