নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১৩:৩১
সত্য-মিথ্যার যুদ্ধে নিজেকে প্রমাণ করেছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক চ্যালেঞ্জ এবং সত্য-মিথ্যার জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা শিল্পকলা একাডেমিতে প্রকাশিত প্রবন্ধ সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’ বইটির পাঠ উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমান বহু চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন এবং আজ তিনি সেই সংগ্রামের মধ্য দিয়ে একটি দৃঢ় অবস্থানে পৌঁছেছেন। সামনের দিনগুলোতেও রাষ্ট্র প্রধান হিসেবে তার সংগ্রাম অব্যাহত থাকবে। তার ব্যক্তিগত গুণাবলি তাকে সকল বাধা অতিক্রমের শক্তি যোগাচ্ছে।
তিনি আরও মন্তব্য করেন, রাজনীতির দর্শন ও আদর্শে মানবিক গুণাবলির গুরুত্ব বোঝা যায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার পতন আমাদের শেখায় যে নেতৃত্বের মানবিক দিক এবং নৈতিকতা কতটা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বইমেলা সুষ্ঠু সংস্কৃতির জন্য অপরিহার্য। এবার কোনো স্টলে ভাড়া নেয়া হয়নি, যাতে সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা পায়।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে মৌলবাদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে গণতান্ত্রিক চর্চা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।