নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ দুপুর ০২:১৫:৫০
বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বস্ত্রখাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা এবং বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করেছেন। ২২ জুলাই বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
এ সময় তিনি অভিযোগ করেন, বস্ত্রখাতের সমস্যাগুলো অনেক পুরনো যা আগের কোনো সরকারই সমাধান করেনি।
বিটিএমএ সভাপতি বলেন, সরকার যথাযথ পদক্ষেপ নেওয়ার পরেও আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে সমস্যাগুলো সমাধানে। উদ্যোক্তারা সরকারকে এই সময় দেবে বলেও জানান শওকত আজিজ।
সরকার আন্তরিক হলে বস্ত্রখাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে বিটিএমএ সভাপতি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে।
এরইমধ্যে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার জানিয়ে শওকত আজিজ বলেন, গঠিত কমিটি আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে। সরকারের বন্ধ কারখানা চালু হলে বন্ধ এবং অর্ধ বন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে খুব স্বাভাবিক এবং ত্বড়িৎ গতিতেই। তবে এসব কারখানা চালু করতে হলে প্রতিযোগিতামূলক বাজারে যে ডাম্পিং হচ্ছে সেদিকে মনোযোগী হতে হবে বলেও জানান বিটিএমএ সভাপতি।