নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ রাত ০৭:১৬:২৫
সংসদ পরিদর্শনে আসা নিজ কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা নিজের কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ পরিদর্শনে আসেন।
সংসদ ভবনের শপথ কক্ষে শিক্ষার্থীরা আসনগ্রহণ করেন। এ সময় সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন সম্পর্কে তাদের একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, ‘আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিল।’
এ সময় দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি। এরপর উপস্থিত ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনও এ সময় উপস্থিত ছিলেন।
শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারণা দিতে শিক্ষামন্ত্রী সংসদে শিশুদের জন্য বরাদ্দকৃত ৫০টি সিটসহ মোট ১৫০টি সিট বরাদ্দ করতে স্পিকারকে চিঠি দেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছেন।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর যেহেতু আজ সংসদে ভাষণ দেয়ার কথা ছিল তাই শিক্ষামন্ত্রীর মাধ্যমে তিনি তার প্রাক্তন কলেজ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সংসদে আমন্ত্রণ জানান।