নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২১:০৫
সহিংসতায় না জড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান তারেক রহমানের
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কোথাও ভুল বুঝাবুঝি হতে পারে, সেটি যেন প্রতিহিংসা বা প্রতিশোধে রূপ না নেয়, সবার প্রতি এই আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, দুর্বলের ওপর সবলের আক্রমণ আমরা মেনে নেবো না। কোনো ধরনের সহিংসতায় অংশ নেওয়া যাবে না।
তারেক রহমান বলেন, আলহামদুলিল্লাহ, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকামী মানুষ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এ বিজয় বাংলাদেশের, গণতন্ত্র ও গণতন্ত্রকামী মানুষের। আমি এজন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলনসহ যেসব দল অংশ নিয়েছিল, সব দলকে অভিনন্দন এবং সাধুবাদ জানান তারেক রহমান।
অন্যদিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নির্বাচন কমিশনের সকল সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমাদের নানা বিষয়ে ভিন্নমত থাকতে পারে। কিন্তু দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
এসময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আব্দুল মঈন খান, আমির খসরু, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ দলের অন্যান্য নেতা এবং দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।