রাজিব মাহমুদ (সাভার প্রতিনিধি)
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ সকাল ১১:৪২:০৯
বিএনপির কোন নেতা-কর্মী মাদকের সাথে জড়িত থাকলে তাকেও গ্রেফতার করা হবে: আমান উল্লাহ আমান
বিএনপির কোন নেতা-কর্মী মাদকের সাথে জড়িত থাকলে তাকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসু'র সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
বুধবার (২৯ জুলাই) বিকেলে সাভারের তেতুঁলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকায় সড়কে ড্রেন নির্মাণকাজের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ।
এ সময় তিনি মাদকের ব্যাপারে কঠোর বার্তা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন। তিনি যেসব এলাকায় পানি প্রবাহে সমস্যার কারনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেখানে দ্রুত ড্রেন নির্মাণ ও পানি নিস্কাসনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উপস্থিতিদের আশ্বস্ত করেন এবং বলেন আমরা এম.পি হইয়া গেছি বইলা কিছু হইয়া যাই নাই। চেয়ারম্যান-মেম্বার নাই প্রয়োজনে স্থানীয় প্রশাসককে নিয়ে নিজেই সে সকল দায়িত্ব পালন করবেন। তিনি সেবামূলক কার্যক্রমে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করে বলেন, বিএনপি সরকার হচ্ছে মানব সেবার সরকার। তিনি নিজে একজন কর্মীর মতো সেবক হয়ে মানুষের জন্য কাজ করারও প্রতিশ্রুতি দেন।
এ সময় অন্যান্যের মধ্যে সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, যুবদল নেতা শাওন সরকারসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।