নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ রাত ০৮:৫৬:৩৬
সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু করেছে: প্রতিমন্ত্রী নুর
গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর রামপুরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার ধাপে ধাপে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতার চেকও বিতরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা-বাড্ডা এলাকায় সাধারণ মানুষ ও ছাত্রসমাজ শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। সে আন্দোলনে ছাত্র-জনতার বিজয় হয়েছে এবং ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ভবিষ্যতে যেন দেশে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয়, সেজন্য রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে ক্ষমতায় গেলে যেন জনগণের ওপর কোনো ধরনের জুলুম না করা হয় সে বিষয়েও সতর্ক থাকার কথা বলেন তিনি।
গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে গণঅধিকার পরিষদ রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান-এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি রাকিবুল হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি আলমগীর অপূর্ব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান, ফারজানা কিবরিয়া ও আব্দুল্লাহ মাহমুদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সবুজ, যুব অধিকার পরিষদ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নুর এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আবির ইসলাম সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।