নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৪:২৫
এবার মামুনুল হককে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ১১-দলীয় জোট ক্ষমতায় গেলে মাওলানা মামুনুল হককে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আল্লামা মামুনুল হক বিজয়ী হলে এলাকাবাসী একজন মর্যাদাবান মন্ত্রী পাবেন ইনশাআল্লাহ।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে মোহাম্মদপুরে নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।
জামায়াত আমির বলেন, আমরা ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। যেখানে দুর্নীতি ও চাঁদবাজি থাকবে না।
এরআগে চারজন নেতাকে মন্ত্রী করার আশ্বাস দিয়েছেন ডা. শফিকুর রহমান। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনি জনসভায় দেওয়া এসব ঘোষণার মাধ্যমে সম্ভাব্য মন্ত্রিসভার একটি আংশিক রূপরেখা তুলে ধরছে দলটি।
গত রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১-দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন জামায়াত আমির। তিনি বলেন, ‘ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় এলে নাহিদ ইসলামকে সরকারে একজন মন্ত্রী হিসেবে দেখা যাবে।’ এ সময় যুব নেতৃত্বের প্রতি আস্থার কথাও তুলে ধরেন তিনি।
এর আগে গত ৩১ জানুয়ারি কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের এক নির্বাচনি জনসমাবেশে জামায়াতের নায়েবে আমির ও ওই আসনের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিসভার সিনিয়র সদস্য করার ঘোষণা দেন ডা. শফিকুর রহমান।
পরবর্তীতে ২ ফেব্রুয়ারি কক্সবাজারের মহেশখালীতে অনুষ্ঠিত এক জনসভায় তিনি জানান, মহেশখালী-কুতুবদিয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদ নির্বাচিত হলে তাকেও সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে। তিনি হামিদুর রহমান আযাদকে ওই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের সাহসী কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করেন।
এ ছাড়া ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আয়োজিত এক জনসভায় জামায়াত আমির বলেন, ১০ দলীয় ঐক্য সরকার যদি গঠিত হয়, আর আপনারা এই আসনের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানকে নির্বাচিত করেন, তাহলে একজন মন্ত্রী পাবেন।