নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৩:৩৪
আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে: মজিবুর রহমান মঞ্জু
এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে গণভোটের জনরায় উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, একসময় আপোষহীন রাজনীতির জন্য পরিচিত বিএনপি এখন জনগণের রায় অগ্রাহ্য করে আপসের রাজনীতি করছে।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে ছাত্রদল ও যুবদলের এমন প্রতাপশালী রূপ দেখা যায়নি। গতকালের ‘হেলমেট বাহিনী’ দীর্ঘদিন গুপ্ত অবস্থায় ছিল বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, যারা অন্যদের ‘গুপ্ত’ তকমা দেয়, এখন দেখা যাচ্ছে তারাই সবচেয়ে বড় ‘গুপ্ত’ ছিল। ফ্যাসিবাদের সময় এ ধরনের হেলমেট বাহিনী দেখা যায়নি বলেও দাবি করেন তিনি।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, একই মায়ের গর্ভে জন্ম নেওয়া যমজ দুই সন্তানের একজন বৈধ হলে অন্যজন অবৈধ হতে পারে না। ১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিলে গণভোটের ফলাফল কেন মানা হবে না—এ প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, একসময় রাজনৈতিক দলের আনুষ্ঠানিক নেতৃত্বে হরতাল, অবরোধ ও ঘেরাও কর্মসূচি পরিচালিত হতো। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে, রাজনৈতিক দলের আনুষ্ঠানিক নেতৃত্বের বাইরেও জনগণকে সঙ্গে নিয়ে সফল আন্দোলন গড়ে তোলা সম্ভব।
মঞ্জু বলেন, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবিলম্বে গণভোটের গণরায় কার্যকর করতে হবে। তাঁর ভাষায়, ‘৫ আগস্ট মানে মুক্তি। ৫ আগস্ট ফ্যাসিবাদের মসনদকে পরাজিত করার দিন।’
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটোয়ারী এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল।