নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২০:২২
‘ওদের ভোট নেই, এত ভোট পেল কীভাবে’, প্রশ্ন মির্জা আব্বাসের
‘ওদের ভোট নেই, এত ভোট পেল কীভাবে’, প্রশ্ন মির্জা আব্বাসেরনিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। প্রতিপক্ষ দলের জনসমর্থন নেই বলেও দাবি করেছেন তিনি। সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন তোলেন, ‘এদের কোনো ভোট নেই, এত ভোট এখানে পেল কীভাবে?’
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে এসব কথা বলেন মির্জা আব্বাস।
ঢাকা-৮ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোট গ্রহণ হয়। এতে পোস্টাল ব্যালটসহ বিএনপির মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অন্যদিকে, এনসিপির মোহাম্মদ নাসীরুদ্দিন পাটোয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭টি। অর্থাৎ বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
মাত্র ৫ হাজারের কিছু বেশি ভোটে জয়ের বিষয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমি যেটা বললাম, ওরা ইঞ্জিনিয়ারিং করেছে। এটা খুব ভয়ংকর। কারণ, এদের কোনো ভোট নেই। এত ভোট এখানে পেল কীভাবে? আমি সেই বিষয়টিই চিন্তা করে দেখলাম।
তবে সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ফলাফলে আমি আনন্দিত, দেশবাসীও আনন্দিত। সবাই ভোট দিয়েছেন। এই রায়টা ঐতিহাসিক হয়েছে। আমরা আশা করছি, জনগণ এই রায়ের প্রতিফলন পাবে ইনশাআল্লাহ।
এ সময় নির্বাচনে ভোট বাতিলের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই আসনে যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে, তা ঠিক হয়নি। এটি অন্যায় হয়েছে। এই বাতিল হওয়া ভোটগুলো পুনরায় যুক্ত করার জন্য আমি ইতোমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করেছি।