নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৩:২১
ঢাকায় তারেক রহমানের জনসভা শুরু আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নাকের ডগায়। এ সময় দেশব্যাপী জনসভা শেষ করে ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। দুই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ১৪টি জনসভায় সরাসরি অংশগ্রহণ করে বক্তব্য রাখবেন তারেক রহমান।
এর মধ্যে ৮ ফেব্রুয়ারি রোববার ঢাকা মহানগর উত্তরের ৬টি
নির্বাচনি আসনে তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন
পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন কমিটির
মুখপাত্র মাহদী আমিন।
সূচি বলছে, রোববার দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বর
থেকে জনসভা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান। এরপর ধারাবাহিকভাবে পল্লবী, মিরপুর-১০, ন্যাশনাল
বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ, শ্যামলী ক্লাব মাঠ এবং সবশেষে সন্ধ্যা ৬টায় বাড্ডার সাতারকুল
সানভ্যালী মাঠে বক্তব্য রাখবেন তিনি।
৮ ফেব্রুয়ারি সোমবার নিজের নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর
দক্ষিণের ৭টি সহ মোট ৮টি নির্বাচনি জনসভায় যোগদান করবেন তারেক রহমান। এই দিন বেলা ১১টায়
বনানী থেকে প্রচারণা শুরু করে কলাবাগান, পীর জঙ্গি মাজার রোড, বাসাবো, যাত্রাবাড়ী,
জুরাইন এবং ধূপখোলা মাঠ হয়ে সন্ধ্যা ৬টায় লালবাগ বালুর মাঠে তিনি তার নির্বাচনি সফর
শেষ করবেন।