নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:৩৭:৪১
সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, সবচেয়ে বেশি বয়সী খন্দকার মোশাররফ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হান্নান মাসউদ সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন। অপরদিকে, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রার্থী হয়েছেন বিএনপির খন্দকার মোশাররফ হোসেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফল ও প্রার্থীদের হলফনামা থেকে জানা গেছে, নোয়াখালী-৬ (হাতিয়া) থেকে জয় পাওয়া এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। সে হিসাবে তার বর্তমান বয়স ২৬ বছর ১ মাস।
হান্নান এনসিপির হয়ে শাপলা কলি প্রতীকে ভোট পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।
অপরদিকে হলফনামা অনুযায়ী, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয় পাওয়া বিএনপির খন্দকার মোশাররফ হোসেন জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী। তার জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। হিসাব অনুযায়ী তার বর্তমান বয়স ৭৯ বছর ৪ মাস।
বেসরকারি ফলে ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মনিরুজ্জামান ৯৪ হাজার ৮৪৫ ভোট পেয়েছেন।