নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৫:৩৪
তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন যারা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে অতিথি আসছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনীতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি।
আফগানিস্তান-মিয়ানমার বাদে সার্ক ও বিমসটেকের সদস্য রাষ্ট্র আছে। জানা গেছে, শপথ অনুষ্ঠানে এরইমধ্যে ভারত, পাকিস্তান, চীনসহ ১৩টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
এছাড়া ঢাকায় অবস্থিত দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নতুন সংসদ সদস্যদের (এমপি) শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে। শপথ অনুষ্ঠান আয়োজনে সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে অংশ নেয়ার জন্য ভারত-পাকিস্তানসহ ১৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
এর আগে একই দিন সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন।
নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে বলে মুঠোফোনে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। তিনি জানান, নেয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও।