নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:৩৮:৩৩
বিশ্বকাপে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের জয়
আগে ব্যাট করা আফগানিস্তান ১৮৩ রানের লক্ষ্য দিয়েছিল। টি-টোয়েন্টির রানবন্যার যুগে এই রান আহামরি বেশি না হলেও জিততে নিউজিল্যান্ডকে রেকর্ডই করতে হত। টি-২০ বিশ্বকাপে ১৬৭’র চেয়ে বেশি রান তাড়া করে যে তাদের জয়ের কোনো নজির নেই।
নিউজিল্যান্ড রেকর্ড গড়েছে টিম সেইফার্টের ফিফটিতে। তার ৪২ বলে ৬৫ রানের ইনিংসে ১৩ বল হাতে রেখেই কিউইরা ৫ উইকেটে জিতেছে। জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারেল মিচেল ও মিচেল স্যান্টনারও। এই আফগানিস্তানের বিপক্ষেই গত টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড ৮৪ রানে হেরেছিল।
চিপকে গুলবাদিন নাইবের ৩৫ বলে ৬৩ রানে ভর করে চ্যালেঞ্জিং লক্ষ্য পাওয়া আফগানিস্তান দ্বিতীয় ওভারে নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করে। মুজিব উর রহমানের শিকার হওয়া ফিন অ্যালেন ১ রান করলেও রাচিন রবীন্দ্র শূন্য রানে বিদায় নেন। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে বোলারদের ওপর চাপ ঠেলে দেন সেইফার্ট।
ফিলিপসের সঙ্গে সেইফার্টের জুটি হয় ৭৪ রানের। ফিলিপস ২৫ বলে ৪২ রান করে রশিদ খানের শিকার হন। সেইফার্ট ৭ চার ও ৩ ছক্কায় ইনিংস সাজিয়ে বিদায় নেন দলীয় ১২৪ রানে। আজমতউল্লাহ ওমরজাইয়ের ৪ রান ও মার্ক চাপম্যানকে শিকারের একটি ওভার সত্ত্বেও আফগানিস্তান ম্যাচ থেকে ছিটকেই যায়।
১৭তম ওভারে মিচেল ও স্যান্টারের ব্যাটে উঠে ১৫ রান। পরের ৫ বলেই ১৩ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে তারা। চাপম্যান ১৭ বলে করেন ২৮ রান। ১৪ বলে মিচেল ২৫ ও স্যান্টার ৮ বলে ১৭। আফগানিস্তানের হয়ে ৩১ রানে ২ উইকেট নিয়ে দিনের সেরা বোলার মুজিব উর রহমান।