নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:১৬:১৯
বিশ্বকাপে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা
টি–টোয়েন্টি বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
রবিবার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ম্যাচেই চোট পান তিনি। চার ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়ে আয়ারল্যান্ডের ১৬৪ রানের লক্ষ্য তাড়া ভেঙে দিলেও ম্যাচ শেষে অস্বস্তি বাড়ে। সোমবার করা এমআরআই স্ক্যানে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর ছিঁড়ে যাওয়ার চিহ্ন ধরা পড়ে।
রিপোর্টটি যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ চিকিৎসকও পর্যালোচনা করেন। এরপরই নিশ্চিত করা হয়, টুর্নামেন্টের বাকি অংশে আর খেলা হবে না হাসারাঙ্গার।
দলে তার জায়গায় লেগস্পিন অলরাউন্ডার দুশান হেমন্তকে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার পরের ম্যাচ ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ওমানের বিপক্ষে। এরপর ১৬ ফেব্রুয়ারি একই ভেন্যুতে অস্ট্রেলিয়া এবং ১৯ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা।