নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪৭:০৮
বিসিবি নিয়ে ক্ষোভ ঝাড়লেন তাপস বৈশ্য
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়েই তামিম ইকবাল সাবেক অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করেছেন। এই কার্ডের সুবিধা হিসেবে জানা গেছে, এই কার্ডধারী ভিআইপি গ্যালারিতে বসে বাংলাদেশের সকল ম্যাচ দেখতে পারবেন। আর এ নিয়েই ক্ষোভ ঝাড়লেন জাতীয় দলের সাবেক পেসার তাপস বৈশ্য।
তাপস বৈশ্য নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এটিকে এই যুগের বৈষ্যম্য বলে মন্তব্য করেছেন।
তাপস লিখেছেন, ‘এই যুগের বৈষম্য! আগে থেকেই খেলা দেখার জন্য অধিনায়কদের জন্য এসি বক্স আর অন্য জাতীয় দলের সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি ছিল! আর এখন তো কার্ড! একদিন ভিডিও করে সকলকে বলবো এই যুগেও কেমন বৈষম্য হয়! অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা! অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?’
মোহাম্মদ রফিকের উদাহরণ টেনে সাবেক এই টাইগার পেসার লিখেছেন, ‘খেলে তো সকলেই মিলে (১১ জন বা ১৪ জন), খেলা ছেড়ে দেওয়ার পর সকলেই জাতীয় খেলোয়াড়! রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড়, কয়জন অধিনায়ক আছেন? রফিক ভাই বসবে সাধারণ গ্যালারিতে আর আনকোরা অধিনায়ক এসি বক্সে।’
এই বৈষম্যের প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘কারো যদি আত্মসম্মান থাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে। যারা কার্ড পাইছে তারা করবে না। কারণ তারা এখন বাংলা সিনেমার চৌধুরী হইছে। অধিনায়কদের হেলথ ইন্সুরেন্স দরকার আর অন্য সতীর্থদের?’
জাতীয় দলের সাবেক ক্রিকেটার হিসেবে পরিচয় দিতেই লজ্জাবোধ করছে তাপসের। তিনি লিখেছেন, ‘এই বৈষম্যের কারণে আমি আমার নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেই লজ্জা বোধ করছি। এই যুগে এটা চরম বৈষম্য। আমি চাই আর যেনো কখনোই, কোনো সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়। সব দেখা হয়ে গেছে।’