নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ সকাল ০৯:০১:৪৩
কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে জয়ের ধারাবাহিকতায় রিয়াল মাদ্রিদ
সান্তিয়াগো বার্নাবুতে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিক, ভিনিসিয়ুসের গোল আর অ্যাসিস্টে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে নতুন মৌসুম ঘরের মাঠে প্রথম ম্যাচে জয়ের ধারাবাহিকতাও বজায় রেখেছে ক্লাবটি।
২৬ আগস্ট বুধবার রাতে লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে এই দাপুটে জয় নিশ্চিত করে টেবিলের শীর্ষ স্থানেই থাকল স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচের প্রথমার্ধের শুরু থেকেই ঘরের মাঠে আক্রমণের ঝড় তোলে রিয়াল মাদ্রিদ। প্রথম ২০ মিনিটের মধ্যেই এমবাপ্পে ও ভিনিসিয়ুস আক্রমণ সাজালেও সোসিয়েদাদের গোলরক্ষক অ্যালেক্স রেমিরোর দৃঢ়তায় গোলের মুখ দেখতে পায়নি এই জুটি। পাল্টা আক্রমণে রিয়ালের রক্ষণভাগে ভয় ধরিয়ে দিয়েছিলেন রিয়াল সোসিয়েদাদের স্প্যানিশ খেলোয়াড় মিকেল ওয়ারজাবাল, যদিও বেলজিয়ামের থিবো কুর্তোয়ার দুর্দান্ত সেভে সে যাত্রা রক্ষা পায় স্বাগতিকরা।
ম্যাচের ৪০তম মিনিটে মাদ্রিদ অধিনায়ক ফেদে ভার্লভার্দের বানানো পাস নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটান এমবাপ্পে। এরপর জোরালো শটে বল জালে জড়িয়ে লা-লিগার এবারের মৌসুমে প্রথম গোল পূর্ণ করেন এই ফরাসি ফরোয়ার্ড।
তবে রিয়ালের উদযাপনের স্থায়িত্ব ছিল মাত্র চার মিনিট। ৪৪তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে থিবো কুর্তোয়াকে পরাস্ত করে স্কোরবোর্ড ১-১ সমতায় আনেন সুচিচ। ১-১ সমতায় নিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
বিরতির পর দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ৬০ মিনিটে জুড বেলিংহামের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সে দারুণ ফিনিশিংয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন এমবাপ্পে।
আক্রমণের ধারা বজায় রেখে ৬৮তম মিনিটে ব্যবধান ৩-১ করেন ভিনিসিয়ুস জুনিয়র। মধ্যমাঠে বেলিংহাম প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বক্সের ভেতর পাস বাড়ালে সেখান থেকে সহজেই লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান এই তারকা।
ম্যাচের ৮০তম মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করেন এমবাপ্পে। ভিনিসিয়ুস জুনিয়রের নাটমেগ পাস থেকে বল পেয়ে সোসিয়েদাদ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দারুণ চিপে গোল করে দলকে ৪-১ গোলের জয় এনে দেন এই তারকা।