নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ জুলাই ২০২৬ বিকাল ০৫:৩০:১১
'কান লায়ন্স ২০২৬'-এ নতুন এআইভিত্তিক ক্রিয়েটিভ সমাধান উন্মোচন করল টিকটক
বৈশ্বিক সৃজনশীলতা ও বিজ্ঞাপন উৎসব ‘কান লায়ন্স ২০২৬’-এ নতুন এজেন্টিক এআইভিত্তিক ক্রিয়েটিভ সমাধান উন্মোচন করেছে টিকটক। ‘সিম্ফনি এজেন্ট’ নামের এই প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞাপনদাতা, ব্র্যান্ড ও কনটেন্ট ক্রিয়েটররা আরও দ্রুত, সহজ ও সৃজনশীলভাবে ক্যাম্পেইন তৈরি করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টিকটকের ভাষ্য অনুযায়ী, পরিবর্তনশীল ডিজিটাল সংস্কৃতি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং অধিক পরিমাণে কনটেন্ট তৈরির বর্তমান চাহিদা বিবেচনায় রেখে ‘সিম্ফনি এজেন্ট’ তৈরি করা হয়েছে। এতে এআই লেবেল, অদৃশ্য ওয়াটারমার্ক এবং কনটেন্ট মডারেশন ফিল্টারসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত রয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, টিকটকের বিদ্যমান ক্রিয়েটিভ টুলগুলোর সঙ্গে সমন্বিত এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটি সাধারণ ধারণা থেকেই দ্রুত বিজ্ঞাপন ও কনটেন্ট তৈরি করা সম্ভব হবে। দক্ষিণ এশিয়ায় ‘সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিও’র আওতায় এআইচালিত চ্যাট ব্যবহার করে বিজ্ঞাপনদাতারা কয়েক মিনিটের মধ্যেই টিকটকের জন্য আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি করতে পারবেন।
টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার গ্লোবাল বিজনেস সলিউশনসের জেনারেল ম্যানেজার সাদি কান্দিল বলেন, সৃজনশীলতাই টিকটকের মূল শক্তি। এজেন্টিক এআই আইডিয়া তৈরি থেকে বাস্তবায়ন পর্যন্ত নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ‘সিম্ফনি এজেন্ট’-এর মাধ্যমে ব্র্যান্ডগুলো দর্শকদের আগ্রহ বিশ্লেষণ, সৃজনশীল কনটেন্ট তৈরি এবং সেই কনটেন্টের ব্যবসায়িক প্রভাব আরও দ্রুত মূল্যায়ন করতে পারবে।
তিনি আরও বলেন, এই টুলগুলো সৃজনশীলতাকে আরও কার্যকর করে তুলতে এবং উন্নত ফলাফল অর্জনের জন্য তৈরি করা হয়েছে। ফলে টিকটকে ক্যাম্পেইন পরিচালনা, উপযুক্ত ক্রিয়েটর নির্বাচন এবং কমিউনিটিভিত্তিক কনটেন্ট খুঁজে পাওয়ার মতো কাজ আরও সহজ হবে।
টিকটকের মতে, বর্তমান দর্শকরা আরও বাস্তবসম্মত, প্রাসঙ্গিক ও আকর্ষণীয় কনটেন্ট প্রত্যাশা করেন। এ কারণে এআইচালিত ক্রিয়েটিভ টুলগুলো ব্র্যান্ড, ক্রিয়েটর এবং টিকটক মার্কেটারদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির পাশাপাশি ব্যবসা সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।