গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ৭ মার্চ ২০২৬ রাত ০৭:৪৮:২৯
গোসাইরহাটে জয়ন্তী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জয়ন্তী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার নলমূড়ি ইউনিয়নের পাঁচকাঠি এলাকায় নদীর পূর্বপাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে নলমূড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামের কাছে জয়ন্তী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. শামসুল আরেফীন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।