ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬ রাত ০৯:৫২:৫৯
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হঠাৎ করে বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন।
রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে তিনি তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক রামানাথ পূজারী।
পরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে একটি উপস্থাপনা এবং বিআইএফপিসিএলের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ব্যবস্থাপনা পরিচালক রামানাথ পূজারী ছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন, বিপিডিবির (উৎপাদন) সদস্য মো. জহিরুল ইসলাম, এপিএসসিএলের পরিচালক মোহাম্মদ সোলায়মান, বিদ্যুৎ বিভাগের উপসচিব অভিষেক কুমার, প্রকল্প পরিচালক মুহা. আলাউদ্দিন, উপপ্রকল্প পরিচালক অংকুর আগারওয়ালসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, রামপাল থানার ওসি মো. রাজিব আল রশিদ, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্যসচিব মুজাফফর রহমান আলম, সদস্য অহিদুল ইসলাম পল্টু, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ হোসেন এবং মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী প্রমুখ।
মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী প্ল্যান্টের কার্যক্রম নিয়ন্ত্রণের মূল কেন্দ্র, কয়লা শেড, কয়লা মজুদের স্থান, জেটি, কয়লা আমদানি ও খালাস কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।