ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ রাত ০৬:১১:১৮
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ, আহত ৮
নারায়ণগঞ্জ ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময়ে দফায় দফায় হামলা, বাড়ি-ঘরে ভাঙচুর এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোমবার (২০ জুলাই) রাত ১০টায় ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়কে এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়। আহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জের ঈদগাহ সড়ক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিলের সমর্থক। তার সঙ্গে ওই এলাকার আরো অর্ধশত ব্রাজিল সমর্থক ছিল। একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব আর্জেন্টিনার সমর্থক। তার সাথেও ওই এলাকার আরো অর্ধশত আর্জেন্টিনার সমর্থক ছিল। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল পরাজিত হলে আর্জেন্টিনার সমর্থক হাবিব আনন্দ উল্লাস করে ও ব্যাঙ্গাতক অঙ্গ-ভঙ্গি করে। ফাইনাল খেলায় আর্জেন্টিনা স্পেনের সাথে হেরে যাওয়ায় অপূর্ব ও ব্রাজিলের অন্য সমর্থকরা আনন্দ উল্লাস করেন। এতে হাবিব ক্ষিপ্ত হয়ে ব্রাজিল সমর্থকদের সাথে হাতাহাতি করেন। ওই ঘটনার জেরে ব্রাজিল সমর্থকরা দলবল নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের বাড়িতে হামলা চালায় এবং নারীসহ কয়েক জনকে মারধর করেন। এরপর ফিরে যাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আর্জেন্টিনা সমর্থকদের সাথে এলাকাবাসী ওই হামলাকারীদের ধাওয়া দেয়। বেশ কয়েকজন ব্রাজিল সমর্থককে ধরে মারধর করেন। পরে ব্রাজিল সমর্থকরা পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর আলম জানান, বিশ্বকাপ খেলা নিয়ে যারা সংঘর্ষে জড়িয়েছে,তারা সবাই কিশোর বয়সের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।