ইমন মাহমুদ লিটন ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ রাত ০৭:৫৬:৪২
ভৈরবে ভোজ্য তেল বাণিজ্যে অনিয়ম: দুই প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভৈরব বাজারের বিভিন্ন দোকান ও গুদামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক। এসময় ভৈরব শহর ফাঁড়ির এসআই বায়েজিদ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোজ্য তেল মজুত ও বিক্রয় সংক্রান্ত অনিয়মের অভিযোগে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ডিলারদের গুদামে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান সড়ক দখল করে তেল বিক্রি করছে এবং এক মাসের ক্রয়-বিক্রয়ের হিসাব সংরক্ষণের রেজিস্টারে গড়মিল রয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্রও প্রদর্শন করতে পারেনি সংশ্লিষ্টরা।
এ অপরাধে মেসার্স হাজী হিরা মিয়া স্টোরের মালিক শাহনুর হোসেনকে ১০ হাজার টাকা এবং মেসার্স সুলতান স্টোরের মালিক সুলতান মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।